নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহকর্মী হিসেবে প্রবেশের ১৩ দিনের মাথায় স্বর্ণ ব্যবসায়ীর স্ত্রীকে চেনতানাশক খাইয়ে ১৭ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে গেছে এক তরুণী। ঘটনাটি ঘটেছে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায়। এ ব্যাপারে গতকাল রবিবার সকালে স্বর্ণ ব্যবসায়ী শামীম মিয়া রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
স্বর্ণ ব্যবসায়ী শামীম মিয়া ও মামলার ভাষ্যে জানা যায়, শামীম মিয়ার যাত্রামুড়া এলাকায় একটি স্বর্ণের দোকান রয়েছে। তানিয়া আক্তার (২১) নামে ওই তরুণী তার দোকানে নিয়মিত আসতেন। একপর্যায়ে সংসার চালাতে কষ্টের কথা জানিয়ে একটি চাকুরির খোঁজ করেন। পরে শামীম তরুণীকে নিজের বাড়িতে নিয়ে গৃহকর্মীর কাজে নিয়োজিত করেন। গত ৪ মে রাত সাড়ে ১১টার দিকে শামীম বাইরে থাকা অবস্থায় তানিয়া তার স্ত্রী বিলকিস আক্তারকে দইয়ের সাথে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ড্রয়ারে রাখা দোকানের ১০ ভরি ও স্ত্রীর ৭ ভরিসহ ১৭ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
