সিলেটে গোপনে মজুত করে রাখা ৪ হাজার ৬৯৯ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। নগরীর কাজিটুলায় কামাল আহমদ নামে এক ব্যবসায়ীর বাসা থেকে বুধবার বিকালে এই তেল উদ্ধার করে ন্যায্যমূল্যে বিক্রি হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীর বাসার একটি কক্ষের তালা ভেঙে তেল উদ্ধার করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, কামাল আহমদ নামের ওই ব্যবসায়ীর একটি পাইকারি দোকান রয়েছে নগরীর বন্দরবাজার কালিঘাটে। মঙ্গলবার কালিঘাট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে কামাল আহমদের দোকানটি বন্ধ দেখে তাদের সন্দেহ হয়। এরপর গোপন সূত্রে তারা জানতে পারেন ব্যবসায়ীর কাজিটুলার বাসার গুদামে বিপুল পরিমাণ তেল লুকিয়ে রাখা হয়েছে।
বুধবার অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয় এবং উপস্থিত ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের কাছে আগের দামে বিক্রি করা হয়।
তিনি জানান, তেল নিয়ে কারসাজি ঠেকাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কঠোর অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার নগরীর কালিঘাটের মাহের ব্রাদার্সের গুদাম থেকে পাঁচ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছিল।
