পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ইতালি সফরকালে রোমস্থ বাংলাদেশ দূতাবাসে যান। রাষ্ট্রদূত মো. শামীম আহসান তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।
আইজিপি দূতাবাস কর্র্তৃক সম্প্রতি স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও এক সৌজন্য বৈঠকে মিলিত হন।
বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর প্রবাসীবান্ধব নীতি অনুসরণ করে নিরলসভাবে বাংলাদেশের প্রবাসী নাগরিকদের সেবা প্রদান করায় আইজিপি দূতাবাসের সব কর্মকর্তা ও স্টাফদের আন্তরিক ধন্যবাদ জানান।
রাষ্ট্রদূত ইতালিতে যেসব অবৈধ অভিবাসী রয়েছেন তাদের কাগজপত্রের বিষয়ে সমাধানের জন্য আইজিপির দৃষ্টি আকর্ষণ করেন। এক্ষেত্রে বাংলাদেশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং ইতালিতে রাষ্ট্রদূত মো. শামীম আহসান যেসব অভিবাসী কাগজপত্রের অভাবে ইতালিতে অবৈধভাবে বসবাস করছেন তাদের সমস্যা সমাধানের ব্যাপারে সরকারের প্রচলিত নীতির আলোকে আলোচনাপূর্বক সমাধানের বিষয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণের বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
