সাভারে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

আপডেট : ১৫ মে ২০২২, ০৫:৩৪ পিএম

সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে অবস্থানসহ কর্মবিরতি পালন করেছে শ্রমিকেরা।

শনিবার দুপুরে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের সঙ্গেই অবস্থিত গোল্ডেন স্টিচ লিমিটেড কারখানায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকেরা।

ভুক্তভোগী শ্রমিকেরা জানান, ঈদের আগে তারা সবাই ছুটিতে চলে গিয়েছিলেন। এরপর কারখানায় কাজে যোগদান করলেও কোনো শ্রমিককে এখনো বেতন বা ভাতা দেওয়া হয়নি। তাই এপ্রিল মাসের ১৫ দিনের বেতন ও ভাতার দাবিতে তারা এক জোট হয়ে কাজ বন্ধ করে আন্দোলন করছেন। 

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, শ্রমিকেরা দুপুর থেকে এপ্রিল মাসের আংশিক বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন। তাদের বকেয়া বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করার দাবি করছি। 

কর্মবিরতির বিষয়টি অস্বীকার করে গোল্ডেন স্টিচ লিমিটেডে কারখানার অ্যাডমিন ম্যানেজার মামুন ইসলাম বলেন, কোনো আন্দোলনের খবর আমি শুনিনি। আর এমন কোনো আন্দোলনও আমাদের এখানে হয়নি।

জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর সহকারী উপপরিদর্শক (এএসআই) কুরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। আমিও এখানে উপস্থিত আছি। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত