নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নোয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে চৌমুহনী বাজারের ৪ নম্বর পৌরসভা এলাকার হক টাওয়ারের নবম তলায় অবস্থিত ‘মিড নাইট আবাসিক হোটেলে’ তল্লাশি চালায় ডিবি। এ সময় মাদক ব্যবসায়ী চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মো. সাইফুল (৩২) ও মো. ইকবাল হোসেন (২৮), হাজীপুরের ৮ নম্বর ওয়ার্ডের মো. সাদ্দাম হোসেন (৩৭), ১০ নম্বর নর উত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাকিবুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. নিজাম (৩০)। এছাড়া সুধারাম থানার লক্ষ্মীনারায়ণপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলাম জুয়েলকে (২৫) আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।