মাদারীপুরে খাদ্যগুদাম অফিসে কর্মকর্তার ঝুলন্ত লাশ

আপডেট : ১৬ মে ২০২২, ০২:২৩ এএম

মাদারীপুর সদর উপজেলায় নিজ কার্যালয় থেকে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম কামরুল ইসলাম (৪০)। গতকাল রবিবার সকাল ৯টার দিকে উপজেলার নয়াচর এলাকার চরমুগরিয়া খাদ্যগুদামের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জের ধরে কামরুল আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত করে মৃত্যুর কারণ বের করার দাবি জানিয়েছে মাদারীপুর জেলা খাদ্য কর্মকর্তা মো. ইসলাম হোসেন।

কামরুল শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের খালাসিপাড়া গ্রামের নুরুল ইসলাম খালাসির ছেলে। দেড় মাস আগে তিনি ওই খাদ্যগুদাম অফিসে যোগ দিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, গত শনিবার অফিস শেষ করে অফিসের বাসভবনে আসেন কামরুল ইসলাম। গতকাল সকাল ৬টার দিকে প্রহরী মিজান দেখেন বাসার বাথরুমের সামনে কামরুল ইসলামের ঝুলন্ত লাশ। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা জানান, পারিবারিক বা অফিসসংক্রান্ত কোনো সমস্যার ছিল কি না, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর প্রতিষ্ঠানটিতে দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় ৬টি গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন জানান, ঘটনার পর প্রতিষ্ঠানটিতে দায়িত্বপ্রাপ্ত কেউ না থাকায় ৬টি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। কর্মকর্তা নিয়োগ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত