ঠিকাদারি দাস প্রথা বিলুপ্ত করে কর্মরত সকলের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ।
শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এর সামনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা দেশের হাজার হাজার আউটসোর্সিং কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন।
কর্মসূচিতে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস, সাধারণ সম্পাদক এম এম জীবন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, ঠিকাদারি দাস প্রথা বিলুপ্ত করে কর্মরত সকলের চাকরি স্থায়ী করণ করতে হবে। আউটসোর্সিং নীতিমালা ২০১৮ এর ৩ নম্বর অনুচ্ছেদের -৮ নম্বর কলামে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ চুক্তির কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে ঠিকাদার না রাখার দাবি জানান তারা। আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক সকল কর্মচারীদের চাকরিতে পর্যায়ক্রমে বয়স শিথিলের দাবি জানানো হয়।
এছাড়া, সরকারি অফিসে ইতিমধ্যে অনেকেই বিনা অপরাধে এবং ঠিকাদারকে ঘুষ দিতে না পারায় চাকরি চ্যুত করা হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করার দাবিসহ উৎসব বোনাস, ভাতা ও আউটসোর্সিংয়ে কর্মরত সকল কর্মচারীদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
