সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর খোকশাবাড়ি গ্রামে গতকাল শুক্রবার দুপুরে পুকুরের পানিতে ডুবে তামিম (৪) ও মোস্তাকিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত তামিম চর খোকশাবাড়ি গ্রামের কোরবান আলীর ছেলে ও মোস্তাকিম একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে ওই দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশু দুটির দেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুর রহমান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
