কানের রেড কার্পেটে অর্ধনগ্ন হয়ে ইউক্রেনীয় নারীর প্রতিবাদ

আপডেট : ২১ মে ২০২২, ০৪:২৬ পিএম

ফ্রান্সে চলমান কান চলচ্চিত্র উৎসবে শুক্রবার অর্ধনগ্ন হয়ে রুশ সেনাদের ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন এক ইউক্রেনীয় নারী। ওই নারীর শরীরে লেখা ছিল ‘আমাদের ধর্ষণ করা বন্ধ কর’। তার বুকে ইউক্রেনের পতাকাও আঁকা ছিল।

রক্তের দাগযুক্ত আন্ডারপ্যান্ট পরে ওই নারী কানের লাল গালিচায় হঠাৎ করেই চিৎকার করে বিক্ষোভে ফেটে পড়েন এবং ছবি তোলার জন্য পোজ দেন। তবে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়।

শুক্রবার ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’ নামের একটি সিনেমার প্রিমিয়ার চলাকালীন এই অভিনব প্রতিবাদের ঘটনা ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত মাসে তদন্তকারীরা ছোট ছোট শিশুদের যৌন নিপীড়নসহ রাশিয়ান সেনাদের দখলে থাকা এলাকায় ‘শত শত নারীকে ধর্ষণের ঘটনা’ উদঘাটন করেছেন।

জেলেনস্কিও মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সময় প্রচারিত একটি ভিডিওতে তার দেশের প্রতি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন।

চলমান কান চলচ্চিত্র উৎসবের একটি প্রধান থিম হল যুদ্ধ। ইউক্রেন যুদ্ধ নিয়ে নির্মিত ‘মারিওপোলিস টু’ নামের একটি সিনেমার বিশেষ প্রদর্শনী হয়েছে এবারের কান উৎসবে। সিনেমাটির লিথুয়ানিয়ান পরিচালক মানতাস কেভেদারাভিসিয়াসকে রুশ সেনারা গতমাসে হত্যা করেছে।

আজ শনিবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের চলচ্চিত্র নির্মাতাদের বানানো বিভিন্ন সিনেমার বিশেষ প্রদর্শনী হবে। এদিন দেশটির অন্যতম প্রতিশ্রুতিশীল পরিচালক সের্গেই লোজনিৎসার বানানো ‘দ্য ন্যাচারাল হিস্টোরি অফ ডেসট্রাকশন’ নামের একটি সিনেমার বিশেষ প্রদর্শনীও হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরগুলোতে বোমা হামলাকে উপজীব্য করে বানানো হয়েছে এই বহুল আলোচিত সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত