৩ জনের মৃত্যুদন্ড, ১৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড

আপডেট : ২৩ মে ২০২২, ১১:৪৫ পিএম

হত্যাসহ বিভিন্ন মামলায় দিনাজপুরে তিনজনের মৃত্যুদন্ড ও চারজনের যাবজ্জীবন, খুলনায় ১৭ জনকে সাত বছর করে কারাদন্ড, ফেনীতে ব্যাংক কর্মকর্তাকে ৩০ বছরের জেল, সিরাজগঞ্জে তিনজনের, লক্ষ্মীপুরে স্বামীর ও পাবনায় নারীর যাবজ্জীবন এবং ঠাকুরগাঁওয়ে দুজনকে দুই বছর করে কারাদন্ড- দেওয়া হয়েছে। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

দিনাজপুর : ২০০৯ সালে হুমায়ুন কবির হত্যা মামলায় তিনজনের মৃত্যুদন্ড ও চারজনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মেহেদী হাসান মন্ডল গতকাল সোমবার বিকেলে এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন ফুলবাড়ী উপজেলার গরপিংলাই গ্রামের তাসের উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম (৪৩), আজাহার আলীর ছেলে রেজাউল করিম বাবু (৪৮) ও আজিজ সিদ্দিকীর ছেলে আতোয়ার ওরফে আতর আলী (৫১)। এছাড়া আতোয়ার আলীর ছেলে গোলাম রব্বানী (৪৪) ও একরামুল হক (৫১), মৃত সিরাজ উদ্দিনের ছেলে সাঈদ আলী (৫৮) ও ইদ্রীস আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৪৪) যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়। রায়ে তাদের জরিমানাও করা হয়।

সিরাজগঞ্জ : শাহজাদপুরের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়ার ইয়াকুব আলী হত্যা মামলায় কান্দিপাড়ার রইচউদ্দিন প্রামাণিকের ছেলে আবদুর রহিম খলিফা (৫০), মৃত শুকুর আলী সরকারের ছেলে আবদুর রহমান (৪৮) ও ওয়াজেদ আলী মধুর ছেলে খুশি আলম ওরফে সাইফুল ইসলামকে (৪২) অর্থদন্ডসহ যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে এ রায় দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম সালমা খাতুন। ২০২০ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় খুন হন ইয়াকুব আলী।

খুলনা : খুলনা পাবলিক কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যার দায়ে ১৭ আসামিকে ৭ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ ও শিশু আদালতের বিচারক আবদুস ছালাম খান এ রায় ঘোষণা করেন। রায়ে যে সব আসামির বয়স ১৮ বছরের নিচে তাদের সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন মঞ্জুরুল ইসলাম ওরফে সাব্বির হাওলাদার (১৬), বিএম মাজিব হাসান রয়েল (১২), শাহারিয়ার জামান তূর্য (১৭), রিয়ান শেখ ওরফে রেফাত (১২), ফাহিম ইসলাম মনি (১৪), সানি ইসলাম ওরফে আপন (১৩), জিসান খান (১৫), তারিন হাসান ওরফে রিজভী (১৩), শাকিব খান শিমুল (১৭), অন্তর কুসার দাস (১৫), মো. হাকিম (১৭), সৈকত (১৬), শেখ সাকিব (১৭), আসিফ প্রান্ত আলিফ (১৫), শেখ তামিম (১৬), সাকরান সালেহ ওরফে মিতুল (১২) এবং মোস্তাফিজুর রহমান নাঈম (১৪)। ২০১৮ সালের ২০ জানুয়ারি রাজিনকে খুন করা হয়।

ফেনী : গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ফেনী শাখার কর্মকর্তা (চাকরিচ্যুত) হাসান মোহাম্মদ রাশেদকে (৩৮) ৩০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। গত রবিবার বিকেলে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এই রায় দেন।

লক্ষ্মীপুর : রায়পুরে স্ত্রী সীমা আক্তার সুমীকে হত্যার দায়ে স্বামী মো. রাশেদকে (২৬) যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। রাশেদ রায়পুর উপজেলার দক্ষিণ রায়পুর গ্রামের আতর উদ্দিন কাজী বাড়ির আলী হায়দারের ছেলে। ২০২০ সালের ৩ মে রাতে খুন করা হয় সুমীকে।

পাবনা : মিঠুন হত্যা মামলায় জবা খাতুন নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। ২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুগারক্রপ গবেষণা কেন্দ্রের পাশে মিঠুনকে কুপিয়ে হত্যা করা হয়।

ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রীকে শ্লীলতাহানি করার ঘটনায় দুই যুবককে দুই বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন এ দন্ড দেন। দন্ড প্রাপ্তরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের খোরশেদ আলীর  ছেলে জনি হাসান (২৫) ও চাকদহ গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাজু ইসলাম (২২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত