নেপালের পোখরা থেকে জমসমের দিকে যাওয়ার সময় মাঝ-আকাশ থেকেই উধাও হয়ে গেছে একটি বিমান। নিখোঁজ বিমানটি দেশটির তারা এয়ারলাইনস এর এবং বিমানটিতে ১৯ জন যাত্রী ও ৩ জন ক্রুসহ মোট ২২ জন আরোহী ছিলেন। রবিবার সকালে মাঝ-আকাশ থেকে হঠাৎই হারিয়ে যায় বিমানটি। সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নিয়ন্ত্রণ কক্ষের।
বিমানটির ১৯ যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয় ও ২ জন জাপানি নাগরিক। অন্যরা নেপালি নাগরিক। এছাড়া বিমানটিতে ৩ জন ক্রুও ছিলেন। তবে চারজন ভারতীয় ছাড়া যাত্রীদের বাকি দুজনকে বিদেশি বললেও তারা আসলে কোন দেশের নাগরিক সেটি এখনও স্পষ্ট নয়।
তারা এয়ারের এক কর্মকর্তা জানিয়েছেন, পোখরা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ভ্রমণের সময় ৯এন-এইটি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জমসমের জেলা প্রশাসক নেত্র প্রসাদ শর্মা বলেছেন, ‘বিমানটিকে মুস্তাং জেলার জমসমের আকাশে দেখা গিয়েছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে বিমানটি ঘুরে যায়। এরপরে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়’।
দক্ষিণ এশিয়ার দেশ নেপাল বিশ্বের সর্বোচ্চ পর্বতের আবাসস্থল। আর তাই এই দেশটির অভ্যন্তরীণ বিমান নেটওয়ার্কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মূলত পরিবর্তনশীল আবহাওয়া এবং কঠিন পার্বত্য বিভিন্ন অবস্থানে বিমান চলাচল ব্যবস্থার কারণে দুর্ঘটনা ঘটে থাকে।
কানাডার তৈরি টুইন অটার প্লেনের মাধ্যমে মূলত আকাশপথে সেবা দিয়ে থাকে তারা এয়ারলাইন্স। নেপালের পুলিশ কর্মকর্তা রমেশ থাপা বলছেন, নিখোঁজ টুইন অটার এই বিমানের কোনো তথ্য এখনও নেই এবং অনুসন্ধান চলছে।
এদিকে নিখোঁজ বিমানের সন্ধানে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি ব্যক্তিগত হেলিকপ্টার মোতায়েন করেছে। তল্লাশির জন্য নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন।
নেপালি সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বলেছেন, ‘নেপালের সেনাবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার লেটে, মুস্তাংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই অঞ্চলেই তারা এয়ারের নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে’।
গত কয়েকদিন ধরে নেপালের ওই এলাকায় বৃষ্টি হচ্ছে। তবে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার মধ্যেই ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মূলত উপত্যকায় অবতরণের আগে সেই রুটে চলাচলকারী প্লেনগুলো সাধারণত পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উড্ডয়ন করে থাকে।
