দন্ডিত তারেকের পক্ষে আইনজীবী প্রশ্নে শুনানি ৫ জুন

আপডেট : ৩০ মে ২০২২, ০২:৪৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দেওয়া রুলের শুনানি হবে আগামী ৫ জুন। একইসঙ্গে দন্ডিত ও পলাতক তারেক রহমানের পক্ষে আইনজীবী শুনানি করতে পারবেন কি না সে বিষয়েও ওইদিন শুনানি হবে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এ তারিখ ধার্য করে।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। অপরপক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান ও তারেকের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। এ মামলায় জোবাইদা ও তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে তারেক রহমানকে অপরাধে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ৩১ মার্চ সংশ্লিষ্ট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় দুদক। পরে ওই বছর জরুরি আইন ও মামলার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট আবেদন করেন তারেক ও জোবাইদা। হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়।

অ্যাডভোকেট খুরশীদ আলম খান দেশ রূপান্তরকে বলেন, হাইকোর্ট যখন রুল দেয় তখন তিনি (তারেক রহমান) দ-িত ছিলেন না। কিন্তু পরে ২১ আগস্ট মামলা ও দুর্নীতির একাধিক মামলায় তিনি দন্ডিত হয়েছেন। আইনের দৃষ্টিতে এখন তিনি পলাতক আসামি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত