আইসল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত (অনাবাসিক) এম. আল্লামা সিদ্দীকী দেশটির রাষ্ট্রপতি ডনি থরলাসিয়াস জোহানসনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।
বুধবার ডেনমার্কের বাংলাদেশ দূতাবাস জানায়, আইসল্যান্ডের রাজধানী রেইকাভিকে প্রেসিডেন্সি ভবন বেসাসতাদিরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।
পরিচয়পত্র পেশের পর আইসল্যান্ডের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাষ্ট্রদূতের মধ্যে একটি একান্ত বৈঠক হয়। বৈঠকে আইসল্যান্ডের রাষ্ট্রপতি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। পক্ষান্তরে বাংলাদেশের রাষ্ট্রদূত ধন্যবাদ জানান এবং তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
বাংলাদেশ ও আইসল্যান্ডের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিতকরণের মাধ্যমে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে অবদান রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি বাংলাদেশের উন্নয়ন বিশেষত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিভিন্ন আর্থসামাজিক সূচকে ক্রমাগত ঊর্ধ্বমুখী অগ্রগতির কথা উল্লেখ করে আইসল্যান্ডের রাষ্ট্রপতিকে দুই দেশের সম্ভাবনাময় খাত হিসেবে তথ্যপ্রযুক্তি, পর্যটন, পোশাকশিল্প, শিক্ষা, সংস্কৃতিসহ অন্যান্য খাত সম্পর্কে অবহিত করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পদক্ষেপগুলোও তুলে ধরেন রাষ্ট্রদূত।
আইসল্যান্ডের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, নারীর ক্ষমতায়ন, শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তি রক্ষীবাহিনীর অবদান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপ ও উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দুই দেশের একসঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন আইসল্যান্ডের রাষ্ট্রপতি।
তিনি বাংলাদেশের রাষ্ট্রদূতকে তার দায়িত্বপালনে আইসল্যান্ড সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি দুটি শান্তিকামী দেশ বাংলাদেশ ও আইসল্যান্ডের জনগণের উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও মানবতার সেবায় একসঙ্গে কাজ করে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত আইসল্যান্ডের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহের কথা জানান আইসল্যান্ডের রাষ্ট্রপতি গুডনি থরলাসিয়াস জোহানসন।
