ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বহিরাগতরা সশস্ত্র অনুপ্রবেশ’ নিয়ে উদ্বেগ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলেছে, পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা জানায়, সম্প্রতি শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। একাত্তরের পরাজিত শক্তি ও পাকিস্তানিদের দোসর সাম্প্রদায়িক গোষ্ঠীর মদদদাতাদের ষড়যন্ত্র ও আস্ফালন শুরু হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। ১৯৭৫ সালের কালো অধ্যায়ের প্রসঙ্গ টেনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি তাদের হত্যার হুমকি দেওয়া এর নগ্ন বহিঃপ্রকাশ। এ ধরনের অপতৎপরতা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বিঘ্নিত করার ষড়যন্ত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়ার সই করা বিবৃতিতে বলা হয়, দেশের শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকেরা এসব পরাজিত অপশক্তির অপতৎপরতাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান ও প্রতিহত করবে।
