কাপাসিয়ায় বাস-পিকআপ মুখামুখি সংঘর্ষ, দুইজন নিহত

আপডেট : ০৪ জুন ২০২২, ০৫:০৫ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন একজন। আজ শনিবার সকালে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের সাল্লারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন- পিকআপ চালক মোঃ জিন্নাত ও পিকআপের যাত্রী দেলোয়ার হোসেন। গুরুতর আহত হয়েছেন নিহত পিকআপ যাত্রী দেলোয়ার হোসেনের মা। জিন্নাত কিশোরগঞ্জ সদরের হয়বতনগর এলাকার ঝিনুকের ছেলে আর দেলোয়ার সাতারপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। 

কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৩-২০৩৯) ও ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি পিক আপের (ঢাকা মেট্রো-ন-১৩-১০৫০) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ থেকে গুরুতর আহত পিক আপ চালক মোঃ জিন্নাতকে (২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত পিক আপ যাত্রী দেলোয়ার হোসেনকে (২৬) রাজধানী উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়। অপর আহত নারী দেলোয়ারের মাকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার সাথে সাথেই বাসের চালক পালিয়ে গেছে। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও পিক আপকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত