বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল কয়েক দিন আগে এক সভায় স্লোগান দিয়েছিলেন, “৭ নভেম্বরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে বলেছিলেন, আমরা নাকি তাদের স্বঘোষিত প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছি। বাস্তবতা হলো ৭ নভেম্বরের স্লোগান গণতন্ত্র ফিরিয়ে আনার স্লোগান।’
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
