প্রথমবারের মতো চলতি অর্থবছরে (২০২১-২২) রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে যাচ্ছে সরকার। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেটের সমান অর্থাৎ ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকাই রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০২২-২৩) বাজেট বক্তৃতায় এ কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৪৩ শতাংশ। রাজস্ব আদায়ের এ সন্তোষজনক প্রবৃদ্ধি বিবেচনায় ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেটের সমান অর্থাৎ ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। এবারই প্রথম সম্পূরক বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রায় কোনো হ্রাস করা হয়নি।
অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে মোট সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। কিন্তু এপ্রিল পর্যন্ত ব্যয়ের সার্বিক অগ্রগতি বিবেচনায় সংশোধিত বাজেটে সরকারি ব্যয় ১০ হাজার ১৮১ কোটি টাকা কমিয়ে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাজেটে ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৫০০ কোটি টাকা, যা জিডিপির ৫ দশমিক ১ শতাংশ। মূল বাজেটে ঘাটতি ধরা হয়েছিল জিডিপির ৬ দশমিক ২ শতাংশ।
