উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ জুন ২০২২, ০৯:৪৭ এএম

কক্সবাজারের উখিয়ায় বালুখালী শরণার্থী শিবিরে মো. আজিমুদ্দিন (৩৩) নামের রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় আরো এক মাঝিসহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে বালুখালী ১৮ ক্যাম্প-বি ব্লকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন। 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-বি এর সাব-ব্লক-এম/৯ এ ব্লক মাঝিরা রাতের বেলায় ভলান্টিয়ারদের ডিউটি বণ্টনের সময় ২০/২৫ জন দুষ্কৃতকারী অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্রসহ হামলা চালায়। হামলায় রোহিঙ্গা মাঝি আজিমউদ্দিন, সাব মাঝি সৈয়দ করিম এবং রহিমুল্লাহ গুরুতর আহত হয়। আহতদের তাৎক্ষণিক পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আজিমউদ্দিন মারা যান। ঘটনার পরপরই সন্ত্রাসীরা ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়। নিহত আজিমউদ্দিন ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এল ১৬ ব্লকের কামাল উদ্দিনের পুত্র। 

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন আরো জানান, গত বছরের অক্টোবর মাসে ক্যাম্প-১৮ তে ৬ মার্ডার ঘটনা ঘটার পর ৮ এপিবিএন এর সকল ক্যাম্পে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত ব্লক রেইড অভিযান পরিচালনা এবং রোহিঙ্গাদের দ্বারা রাতের বেলায় স্বেচ্ছাপাহারা সিস্টেম চালু করা হয় যার ফলে দুষ্কৃতকারীরা পার্শ্ববর্তী পাহাড়সহ বিভিন্ন ক্যাম্পে পালিয়ে থাকে। এমতাবস্থায় পুনরায় ক্যাম্পে তাদের আধিপত্য বিস্তার, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ এবং স্বেচ্ছাপাহারা সিস্টেমকে অকার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন ক্যাম্প থেকে এসে মাঝি ও ভলান্টিয়ারদের উপর অতর্কিত এই হামলা চালিয়ে পালিয়ে যায়। 

তিনি জানান, ঘটনার পর পরই ৮ এপিবিএন এবং ১৪ এপিবিএন এর একাধিক টিম দুর্বৃত্তদের ধরতে ব্লক রেইড দিয়ে অভিযান শুরু করেছে। উখিয়া থানা পুলিশের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত