স্যামসাংয়ের স্মার্ট টিভি প্ল্যাটফর্মে এক্সবক্স গেম মুক্তি দিতে যাচ্ছে মাইক্রোসফট। এ বছরই স্যামসাংয়ের স্মার্ট টিভিতে খেলা যাবে এক্সবক্স প্ল্যাটফর্মের অনেকগুলো জনপ্রিয় গেম। রয়টার্স জানিয়েছে, কনসোল মালিক নন এমন গেমারদের আকৃষ্ট করার লক্ষ্যে বড় অগ্রগতি হতে যাচ্ছে এই পদক্ষেপটি।
৩০ জুন থেকে স্যামসাংয়ের ২০২২ স্মার্ট টিভিগুলোতে খেলা যাবে এক্সবক্স গেমগুলো। স্যামসাংয়ের টিভিতে একশোর বেশি টাইটেল খেলার সুযোগ পাবেন এক্সবক্সের ক্লাউড-গেমিং সেবার গ্রাহকরা। ব্লু-টুথ সুবিধা আছে এমন কন্ট্রোলার দিয়ে স্মার্ট টিভিতে খেলা যাবে গেমগুলো।
‘হেলো ইনফিনিট’ এবং ‘ফোরজা হরাইজন ৫’-এর মতো জনপ্রিয় গেমগুলো খেলা যাবে স্মার্ট টিভিগুলোতে। এক্সবক্স কনসোলের প্রয়োজন হবে না গেমারের। রয়টার্স আরও জানিয়েছে, এক্সবক্স নির্মাতা মাইক্রোসফট স্মার্ট টিভির উৎপাদক স্যামসাংয়ের সঙ্গে এই প্রকল্প নিয়ে কাজ করছে ২০২১ সাল থেকে। এ ক্ষেত্রে, এক্সবক্স প্ল্যাটফর্মের জন্য তৈরি গেমগুলো অন্যান্য প্ল্যাটফর্মেও খেলার সুযোগ তৈরি করতে চাইছে মাইক্রোসফট। পাশাপাশি ‘এক্সবক্স গেম পাস’ সাবস্ক্রিপশন সেবার চল আরও বাড়াতে চাইছে কোম্পানিটি।
