পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশের নির্দেশ

আপডেট : ১৪ জুন ২০২২, ০২:১১ এএম

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। দূষণকারীদের নাম না প্রকাশে অধিদপ্তরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

পরিবেশ অধিদপ্তরকে আদেশের এক সপ্তাহের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট। একই সঙ্গে পরিবেশ দূষণকারীদের নাম প্রকাশে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। পরিবেশ ও বন সচিব, তথ্য সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, ‘তথ্য অধিকার আইনের ৬ (১) এবং পরিবেশ সংরক্ষণ আইনের ৪ (২) (চ) বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিবেশ দূষণকারীদের সব তথ্য প্রকাশ করতে আইনগতভাবে বাধ্য। কিন্তু পরিবেশ অধিদপ্তর আইনকে তোয়াক্কা না করে দূষণকারীদের পাশে অবস্থান নিয়েছে যা সম্পূর্ণ বেআইনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত