ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের কাঠামো অনুসরণ করে দেশে ও দেশের বাইরে শহীদ মিনার নির্মাণ প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট।
এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়।
কেন্দ্রীয় শহীদ মিনারের কাঠামো বা প্রতিকৃতি অনুসরণ করে দেশে বিদেশে সর্বত্র একই প্রকৃতির শহীদ মিনার নির্মাণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। সংস্কৃতি সচিব ও গণপূর্ত সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী শহীদুল ইসলাম মিলন এ রিট আবেদনটি করেন। আদালতে আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। অ্যাডভোকেট শহীদুল ইসলাম মিলন দেশ রূপান্তরকে বলেন, ‘২১ ফেব্রুয়ারি দিবসটি যেহেতু আন্তর্জাতিকভাবে পালিত হয় তাই শহীদ মিনার শুধু আমাদের দেশের প্রতীক নয়, এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেরও প্রতীক। কিন্তু দেশের বিভিন্ন এলাকায় এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা গেছে ভিন্ন আকৃতির শহীদ মিনার তৈরি করা হয়েছে। এটি বিভ্রান্তিকর এবং দৃষ্টিকটু। হাইকোর্ট আমাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে রুল দিয়েছেন।’
