কুসিক নির্বাচন: নৌকার ব্যাজ নিয়ে স্থানীয়দের সন্দেহ

আপডেট : ১৫ জুন ২০২২, ০৪:২০ পিএম

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্র ও কেন্দ্রের বাইরে নৌকার ব্যাজ পরিহিত সমর্থক ছাড়া কারো আনাগোনা নেই। এটিকে সন্দেহের চোখে দেখছেন স্থানীয়রা। তারা বলছেন, নৌকার আনাগোনা আগের  নির্বাচনেও ছিল। কিন্তু নৌকা ডুবেছে।

বিভিন্ন কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যাজ ধারণে নৌকার আরফানুল হক  রিফাত এগিয়ে। কেন্দ্র ও কেন্দ্রের আশপাশে বিএনপি থেকে বহিষ্কৃত দুই প্রার্থী ঘোড়া ও ঘড়ির সমর্থকদের একেবারেই দেখা মিলছে না।

সব মিলিয়ে, নীরবে চলছে কুসিক নির্বাচন। বড় কোনো সহিংসতার খবর না থাকলেও ছোটখাট কিছু অভিযোগ ওঠেছে। এর অন্যতম ভোটগ্রহণে ধীরগতি। এ ছাড়া ভোটার নাম্বার না জানায় ভোট দিতে অসুবিধায় পড়েন অনেকে। ভোটার আইডি কার্ড থাকার পরেও নাম্বার নিয়ে না আসার কারণে ফেরত গেছেন কেউ কেউ।

এবার নির্বাচনে মোট পাঁচজন মেয়রপ্রার্থী রয়েছেন। তবে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং নিজাম উদ্দিন কায়সারে মধ্যে। আর সাক্কু গত দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছিলেন। বাকি দুজন প্রথমবারের মতো লড়াই করছেন।

নির্বাচনে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারীসহ মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত