ই-কমার্স প্রতিষ্ঠান 'আনন্দের বাজারের' ৩০০ কোটি টাকা অর্থপাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী গ্রাহকরা। শুক্রবার (১৭ জুন) বিকেলে প্রেসক্লাবের সামনে চার হাজার ক্ষতিগ্রস্ত গ্রাহক মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে ১০-১১ মাস হয়ে গেলেও অর্ডারকৃত পণ্য কিংবা টাকা ফেরত না পাওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা তাদের হতাশা ও দুর্ভোগের চিত্র তুলে ধরে। গুলশান থানায় দায়েরকৃত দুটি এবং সিএমএম কোর্টে একটি মামলার পাশাপাশি চেক প্রতারণার শতাধিক মামলায় ও আশানুরুপ অগ্রগতি না হওয়ায় তারা হতাশা ব্যক্ত করে।
এর পাশাপাশি পলাতক আনন্দের বাজারের সিইও আহমদুল হক খন্দকার মিঠু এবং তার সহধর্মিনী ও চেয়্যারম্যান মুনাল রুবাইয়্যাত-ই-তাসনীমের পাসপোর্ট বাতিল করে দেশে ফিরিয়ে এনে গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান তারা।
