দুর্ঘটনা ও প্রাণহানি রোধে মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধের সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহবন কর্তৃপক্ষের (বিআরটিএ)।
রবিবার রাজধানীর বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে আসন্ন ঈদুল আজহায় যাতায়াত নির্বিঘ্ন করা ও দুর্ঘটনা হ্রাসে করণীয় নির্ধারণ কর্মশালায় এ সুপারিশ করা হয়।
সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী সভাপতিত্বে এ কর্মশালায় আরও অংশ নেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠানসহ সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
কর্মশালায় বলা হয়, ‘আগের তিনবারের তুলনায় গত ঈদুল ফিতরের সময় সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বেশি হয়েছে। এর কারণ মহাসড়কে মোটরসাইকেল চলাচল বৃদ্ধি। ২০২১ সালের ঈদুল ফিতরে ৫৬ সড়ক দুর্ঘটনায় ৫৮ জনের মৃত্যু হয়। প্রতিদিন গড়ে ৭ জন নিহত হয়েছে। গত ঈদের আট দিনে ১০৬ দুর্ঘটনায় ১০৬ জনের প্রাণ গেছে। গড়ে প্রতিদিন ১৩ জন নিহত হয়েছেন।’
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘গত ঈদযাত্রা তুলনামূলক নির্বিঘ্ন ছিল। যানজটের ভোগান্তি ছিল না। কিন্তু দুর্ঘটনা বেড়েছে। বেশিরভাগ দুর্ঘটনার কারণ মোটরসাইকেল। সাধারণ সময়ে ও মোটরসাইকেলে দুর্ঘটনা বেশি ঘটছে।’
এদিকে দুর্ঘটনা রোধে বেপরোয় গতিতে চলা গাড়ি, অননুমোদিত ওভারটেকিং করা মোটরযানের বিরুদ্ধে ব্যবস্থা, জাতীয় মহাসড়কে হিউম্যান হলারসহ তিন চাকার গাড়ি চলাচল বন্ধ, সড়ক পারাপারে পথচারীদের সচেতনতা বৃদ্ধি, চালকদের প্রশিক্ষণ, ফিটনেস ও কাজগপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার এবং মহাসড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করেছে বিআরটিএ।
