পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে জাফরুল্লাহ ও কাদের সিদ্দিকী

আপডেট : ২৫ জুন ২০২২, ১১:৩৩ এএম

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। অনুষ্ঠানস্থলে তাদের পাশাপাশি বসতে দেখা যায়।

শনিবার সকাল ১০টা ৫ মিনিটে ‘মাথা নোয়াবার নয়’ থিম সং পরিবেশনের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল ৯ টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়ায় সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০টা ৫০ মিনিটে শুরু করেন উদ্বোধনী বক্তব্য।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর মূল উদ্বোধনী অনুষ্ঠান যেখানে হবে, ইতোমধ্যে সেই সুধী সমাবেশ স্থলে আছেন সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং আমন্ত্রিত অতিথিরা। প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর নির্মান কাজে ৩৭ এবং ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর অংশ দৃশ্যমান হয়। পরে একের পর এক ৪২টি পিলারের ওপর বসানো হয় ৪১টি স্প্যান। ২০২০ সালের ১০ ডিসেম্বর শেষ ৪১তম স্প্যান স্থাপনের মাধ্যমে বহুমুখী ৬.১৫ কিলোমিটার পদ্মা সেতুর সম্পূর্ণ কাঠামো দৃশ্যমান হয়ে ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত