পোল্যান্ড সীমান্তে মস্কোর ইস্কান্দার মোতায়েন

আপডেট : ২৮ জুন ২০২২, ১১:১১ পিএম

পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ৫০ মাইল দূরে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র রুশ ছিটমহল কালিনিনগ্রাদে মোতায়েন করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বিষয়টি নিশ্চিত করেছেন একজন সিনিয়র রুশ আইনপ্রণেতা। রিয়া নভোস্তি রুশ আইনপ্রণেতাকে উদ্ধৃত করে জানিয়েছে, বাল্টিক সাগরের ছিটমহলে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই ছিটমহলটির রাজধানী শহরের নামও কালিনিনগ্রাদ। যা পোল্যান্ড থেকে মাত্র ৫০ মাইল দূরে।

রুশ বার্তা সংস্থাকে এ তথ্য জানান অবসরপ্রাপ্ত কর্নেল জেনারেল ভøাদিমির শামানভ। তিনি রুশ পার্লামেন্ট ডুমার প্রতিরক্ষা কমিটির প্রধান। অবশ্য কতটি ক্ষেপণাস্ত্র কালিনিনগ্রাদে মোতায়েন করা হয়েছে তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি। কালিনিনগ্রাদে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন থাকা অবস্থায় ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটোর সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে। এ মাসের শুরুতে ন্যাটো সদস্য লিথুয়ানিয়া ইউরোপীয় ইউনিয়নের কাছে রুশ কয়লা, লোহা, তেল ও স্টিলের পণ্যের ট্রানজিটে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। এ ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপের হুমকি দিয়েছে। মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের তথ্য অনুসারে, ইস্কান্দার ক্ষেপণাস্ত্রকে ন্যাটোর কাছে এসএস-২৬ স্টোন নামে পরিচিত। এটি একটি ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যাতে রয়েছে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র। এটি ৩০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাতে সক্ষম। এটি পারমাণবিক বা প্রচলিত ওয়ারহেড বহন করতে পারে। ব্রুকিংস ইনস্টিটিউশনের সেন্টার ফর ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউরোপের অনাবাসিক সিনিয়র গবেষক ড্যানিয়েল হ্যামিল্টন বলেছেন, কালিনিনগ্রাদে মোতায়েনকৃত ইস্কান্দার ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড যুক্ত করা আছে কখনো নির্দিষ্টভাবে স্বীকার করেনি রাশিয়া। পশ্চিমা গোয়েন্দা সূত্রগুলো বলছে, কালিনিনগ্রাদে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।

পর্যবেক্ষকদের মতে, ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ড তাদের ভূখণ্ডকে পশ্চিমা সামরিক সহায়তার জন্য উন্মুক্ত করে দেয়। এ নিয়ে পোল্যান্ডকে একাধিকবার সতর্ক করে দিয়েছিল মস্কো। কিন্তু পোল্যান্ডও প্রতিবার মস্কোকে পাল্টা হুঁশিয়ারি জানিয়েছে। সম্প্রতি ইউক্রেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও পশ্চিমা দেশগুলো যে অস্ত্র সহায়তা পাঠিয়েছে, তার সিংহভাগই পোল্যান্ডের সীমান্ত হয়ে ইউক্রেনে প্রবেশ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত