গত বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাট বিভাগে কর্মরত কর্মচারীদের মধ্যে নন মুসলিম রানিং কর্মচারী না থাকায় শনিবার (৯ জুলাই) রংপুর–ঢাকা রুটে ও সোমবার (১১ জুলাই) ঢাকা–রংপুর রুটে রংপুর এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।
এ প্রসঙ্গে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বললেন, রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি।
শুক্রবার (৮ জুলাই) সকালে রেলপথে এবারের ঈদযাত্রা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ঈদে ট্রেনে যাত্রীদের চাপ, দেরিতে ট্রেন ছাড়া, ট্রেনের ছাদে যাত্রীদের বসাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কমলাপুর স্টেশনের ব্যবস্থাপক।
নন মুসলিম কর্মচারী না থাকায় আগামীকাল শনিবার রংপুর–ঢাকা রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে— রেলওয়ের এমন বিজ্ঞপ্তি প্রসঙ্গে জানতে চাওয়া হলে মাসুদ সারওয়ার বলেন, ‘রংপুর এক্সপ্রেসের কোনো ট্রেনের যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে। যাত্রা বাতিল করা হয়নি।’
বুধবারের বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। তবে সোমবার ট্রেনটি চলবে কি না এ বিষয়ে কিছু জানাননি মাসুদ সারওয়ার।
