আত্মবিশ্বাসী নেতা তামিমে মুগ্ধ ডমিঙ্গো

আপডেট : ১৫ জুলাই ২০২২, ১২:৩০ এএম

২০১৯-এ দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছেন সব বুঝতে তার সময় লাগবে। অধিনায়ক তামিম এখনো বলছেনÑ শিখছি। তবে এই কৌশলগত উত্তর বাদে নিজের কাজ নিয়ে যে খুব আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তাও জানালেন। তামিমের আত্মবিশ্বাস তার পারফরম্যান্সেই। নেতৃত্ব নেওয়ার পর গত তিন বছরে পরিসংখ্যানে দেশের সেরা ওয়ানডে অধিনায়ক হয়ে উঠেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে ৬০.৮৬, যা বাকি সব অধিনায়কের চেয়ে সেরা। অধিনায়ক তামিমে তাই মুগ্ধ কোচ রাসেল ডমিঙ্গো। তার চোখে নেতৃত্ব দিয়েই শুধু নন, তামিম অধিনায়ক হিসেবে দুর্দান্ত তার পারফরম দিয়ে।

জয়ের হিসাবে দেশসেরা অধিনায়ক এখনো মাশরাফী বিন মোর্ত্তজা। ৮৮ ম্যাচে ৫০ জয় পাওয়া এই নেতাকে টপকে যাওয়া তামিমের জন্য অনেক দূরের পথ। তার সামনে এখনো হাবিবুল বাশার (২৯), সাকিব (২৩)। তবে ম্যাচের তুলনায় জয়ের হিসাবে মাশরাফীর ৫৮.১৩ হারকে টপকেছেন তামিম। কাল ম্যাচ শেষে জানান আত্মবিশ্বাস থেকেই এত ভালো করছেন, ‘আমি এখনো শিখছি। তবে হ্যাঁ আমি অবশ্যই নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাসী। আমি সব সময়ই বলি যখন নিজের কাছে মনে হবে আমি কাজটা পারছি না, তখন আমি নিজেই দায়িত্ব ছেড়ে দেব।’

তামিমের দায়িত্ব ছাড়ার বিষয়টি এখন যে অনেক দূরে তা কোচের কথায় স্পষ্ট। ডমিঙ্গো জানান ম্যাচ পরিকল্পনার সবদিকেই তামিমের নজর থাকে, টিম মিটিং সে উপভোগ করে। শুধু সেটিই নয়, আমার সঙ্গে বা অ্যানালিস্টের সঙ্গে, সবার সঙ্গে কথা বলে। বোলিং কোচের মিটিংয়েও সে থাকে, যেন বোলারদেরকে অনুবাদ করে বুঝিয়ে দিতে পারে।’

তবে এ কারণেই তামিম সফল নন। বাংলাদেশ কোচ জানালেন সামনে থেকে নেতৃত্ব দেন বলে তামিমের সাফল্যের হার বেশি। চলমান উইন্ডিজে সিরিজ দিয়ে তামিমের নেতৃত্বে টানা পঞ্চম জয় এলো বাংলাদেশের। ৭ সিরিজের ৬টিতেই জয়ী অধিনায়ক তামিম। সব মিলিয়ে ২৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে তার জয় ১৪টিতে। ডমিঙ্গো জানান, ‘সে এমন একজন, ছেলেরা যার সঙ্গ পছন্দ করে। সে নিজে পারফরম করে, নেতা হিসেবে যা মূল কাজগুলোর একটি। সে রান করে, আমাদের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান। কিছু নেতা নেতৃত্ব দেয় নিজের খেলার ধরন দিয়েই। পারফরম্যান্স দিয়েই নেতৃত্ব দেয়। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে অপরাজিত ৮০ করে সে আমাদের জিতিয়েছে। টপ অর্ডারে এরকম অভিজ্ঞতা থাকা মানে তা মহামূল্য।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত