সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০(ভিডিও)

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৩:৩৭ পিএম

মাদারীপুরের সস্থাল বাজারে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭ জনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সস্থাল গ্রামে।

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে জানিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়,  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গারা খাওয়া নিয়ে সংঘর্ষের বিষয়ে দু পক্ষই সালিশ মীমাংসার সম্মতি হয়। তবে রাতে আবার দুপক্ষই সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে ১০টি ঘর ভাঙচুর করার অভিযোগ রয়েছে এবং গভীর রাতে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

পরে সংঘর্ষ রূপ নেয় স্থানীয় রাজনৈতিক কোন্দলে। আহত ১৭ জনকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত এলাকা পরিদর্শন করেছে।

আহত ইসহাক হাওলাদারের মেয়ে বলেন, সকালে মোল্লা বাড়ির মোজাফ্ফার মোল্লার নির্দেশনায় দেশি অস্ত্র রান দা, টেটা,বোমা নিয়ে হাওলাদার বাড়ির ওপর হামলা করে। আমাদের বাড়ি ঘর কুপিয়ে, আসবাবপত্র ভেঙে রেখে যায়। আমাদের দোষ আমরা ইউনিয়ন নির্বাচনে অন্য একজনের সমর্থন দিয়েছিলাম।

এ ব্যাপারে আলিনগর ইউনিয়নের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান সাহিদ পারভেজ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। এটা তাদের স্থানীয় সমস্যা। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালকিনি মডেল থানার ওসি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত