‘কী কারণে জেমস এই জায়গায় জানেন তো?’ এ প্রশ্ন তুলে তার উত্তরও দিয়েছেন প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। তিনি বলেন, ‘সততা, শিল্পীর সততা।’
প্রিন্স মাহমুদের সুরে কালজয়ী বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন ব্যান্ড সংগীতের ‘গুরু’। এর মাঝে উল্লেখযোগ্য ‘মা’ ও ‘বাবা’। সেই দুটি গান নিয়ে কথা বলছিলেন এ গীতিকার-সুরকার।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রিন্স মাহমুদ লিখেছেন, “জেমস ভাই আমার সুর করা ও লেখা কোনো গান তিনি নিজে কোনো প্লাটফর্মে উঠায়নি। আমার গান থেকে পয়সা খায়নি। রিমেক করেনি। গান বাংলা ‘মা’ এবং ‘বাবা’ দুইটা গান রিমেক করতে চেয়েছিল। তাদের প্রথম পছন্দ ছিল এই দুটো গান। জেমস ভাই বলছে আগে প্রিন্সের পারমিশান আনো। তারপর গান।”
এরপরই বলেন, ‘কী কারণে জেমস এই জায়গায় জানেন তো? সততা, শিল্পীর সততা।’
ওই পোস্টের নিচে অনেকেই মন্তব্যের করে জেমসের প্রশংসা করছেন। সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন প্রিন্স মাহমুদকেও।
