ক্রিমিয়ার মতো করে ইউক্রেনের আরও এলাকা রাশিয়ার অংশ করে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।
মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যেই রাশিয়া কাজ শুরু করে দিয়েছে।
তিনি বলেন, এজন্য ইউক্রেনের দখল করা এলাকায় সাজানো গণভোট আয়োজন করা হতে পারে যে সেই এলাকার বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় কিনা। আগামী সেপ্টেম্বর মাসেই এ ধরনের গণভোট আয়োজিত হতে পারে।
ইউক্রেনের অংশ ক্রিমিয়াকে যখন ২০১৪ সালে রাশিয়া নিজেদের সাথে অন্তর্ভুক্ত করে নেয়, তখনো এ ধরনের গণভোটের আয়োজন করা হয়েছিল। তবে বিশ্বের বেশিরভাগ দেশ সেই গণভোটকে অবৈধ বলেই মনে করে।
জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমেরিকান জনগণের কাছে আমরা এটা পরিষ্কার করে দিতে চাই, কেউ চোখ বন্ধ করে নেই। (প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) ২০১৪ সালের ঘটনা আবার ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন।’
তিনি অভিযোগ করেন, ইউক্রেনে দখল করা এলাকা পরিচালনা করার জন্য রাশিয়াপন্থী কর্মকর্তাদের অবৈধভাবে বসিয়েছে দেশটি। তাদের প্রধান লক্ষ্য হবে, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটের আয়োজন করা।
এই গণভোটের আসল উদ্দেশ্য হবে ‘সার্বভৌম ইউক্রেনের ভূখণ্ডকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়ার পক্ষে অধিকার তৈরি করা,’ বলছেন কিরবি।
ইউক্রেনের যেসব এলাকা রাশিয়া দখল করেছে, সেসব এলাকায় এর মধ্যেই আঞ্চলিক ও স্থানীয় পদগুলোয় নিজেদের কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে দেশটি।
খোরসেন, যাপোরিযজিয়া, দনেৎস্ক এবং নুহানস্ক এলাকা রাশিয়ার সঙ্গে যুক্ত করার চেষ্টা হতে পারে বলে মার্কিন এই কর্মকর্তা জানিয়েছেন।
