ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দী অবস্থায় মাহমুদা (১৪) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের গোবিন্দনগর টাঙ্গন নদীর জোড়া সেতুর নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার মাহমুদা দিনাজপুর কবিরাজহাট এলাকার কারী মোস্তফা কামালের মেয়ে। মাহমুদা ঠাকুরগাঁও টাঙ্গন মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
সদর থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে টাঙ্গন জোড়া সেতুর নিচে বস্তাবন্দী অবস্থায় ওই কিশোরীকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে জীবিত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে বস্তায় ভরে সেতুর নিচে ফেলে দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
