সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক প্রকল্পের টাকা আত্মাসাতের অভিযোগে এবং এর বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাহজাদপুর-এনায়েতপুর সড়কের বেতকান্দি বাজারে বেলতৈল ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়ন আওয়ামী লীগ ও সব অঙ্গসংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকারি ৫টি প্রকল্পের প্রায় ৬ লাখ ২৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন। আমরা এ দুর্নীতির দ্রুত বিচার দাবি করছি। তার বিচার না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। সমাবেশ শেষে তারা বেতকান্দি বাজার সড়কে বিক্ষোভ মিছিল করেন।
বেলতৈল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘কোনো প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়নি। যে প্রকল্প নিয়ে অভিযোগ উঠেছে, সেখানে বরাদ্দের অতিরিক্ত টাকা খরচ হয়েছে। ফলে আমি আরও ৮ লাখ টাকা ঋণ আছি। তদন্ত হলে এর সত্যতা পাওয়া যাবে।’
