কুড়িগ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ২৮ জুলাই ২০২২, ০৯:১৯ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মজিদুল ইসলাম (৩৩) নামের এক যুবক খুন হয়েছেন।

বুধবার রাত নয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মজিদুল নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার আবেদ আলীর ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডলের ধরলা নদীর তীরবর্তী এক নির্জন এলাকায় কয়েকজন যুবক মিলে জুয়া খেলা শুরু করেন। খেলা শেষে প্রতিপক্ষ একই এলাকার জেল হোসেনের ছেলে হারান মিয়া (৪২) মজিদুলের কাছ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করেন। একপর্যায়ে ওই যুবককে পেটে ছুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

এ সময় এলাকাবাসীর সহায়তায় মজিদুলের সহযোগী তৈয়ব আলী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা অবনতি হলে ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান, সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন।

নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আয়াজ উদ্দিন, স্থানীয় সুলতান ও শফিকুল ইসলাম জানান, প্রতি রাতে ওই চক্রটি চর গোরকমন্ডল আনন্দবাজার এলাকার বিভিন্ন স্থানে জুয়া ও মদের আসর বসায়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯টার দিকে মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত