তৃতীয় বিয়ে করায় স্বামীর পুরুষাঙ্গ কেটে হাসপাতালে আনলেন স্ত্রী

আপডেট : ৩১ জুলাই ২০২২, ০৯:২৬ এএম

তৃতীয় বিয়ে করায় রাজধানীতে তুষার (২৪) নামে এক পোশাক শ্রমিকের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন তার দ্বিতীয় স্ত্রী। আহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক স্ত্রী নার্গিস পুলিশ হেফাজতে রয়েছেন।

শনিবার (৩০ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে ওয়ারী থানাধীন ধোলাইখাল রায় সাহেব বাজার নাভানা টাওয়ারের পিছনে একটি ভাড়া বাসায় এই ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত তুষারকে তার স্ত্রী নার্গিসই হাসপাতালে নিয়ে এসেছেন। তার পুরুষাঙ্গ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। আর এটি নার্গিস নিজেই করেছেন বলে স্বীকার করেছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে, হাসপাতালে নার্গিস জানান, তুষারের প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। তিনি দ্বিতীয় স্ত্রী। গত মার্চ মাসে তার তুষার আরও একটি বিয়ে করেন। সেই স্ত্রী কেরানীগঞ্জ থাকেন। তৃতীয় বিয়ে করার কথাটি প্রথমে গোপন রাখলেও নার্গিস সে বিষয়ে জানার পর তৃতীয় বিয়ের কথা স্বীকার করেন। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

তিনি বলেন, সেই ক্ষোভ থেকেই আজ বাসায় ঘুমন্ত স্বামী তুষারের পুরুষাঙ্গ কেটে ফেলেন তিনি। এরপর নিজেই হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

তুষারের বাড়ি নড়াইল লোহাগাড়া উপজেলায়। নার্গিসের বাড়ি কিশোরগঞ্জে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত