নোবিপ্রবিতে একের পর এক সাপ উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৫:৫০ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) হল থেকে একের পর এক সাপ উদ্ধারের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা সাপ আতঙ্কে রবিবার গভীর রাতে হলের বাইরে অবস্থান করেছে ।

জানা যায়, ১ আগস্ট রাত ১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের তৃতীয় তলায় দুইটি সাপ দেখা যায়। এ সময় হলে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কিত শিক্ষার্থীরা একটি সাপ মেরে ফেলেন এবং অন্যটি পালিয়ে যায়। এর আগে একই তলায় জুতার মধ্য থেকেও সাপ উদ্ধার করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঠিকমতো পরিষ্কার করা হয় না বলে ঝোপঝাড় তৈরি হয়েছে। গরমের কারণে সন্ধ্যার পর ঝোপঝাড় থেকে বিষাক্ত সাপ বেরিয়ে আসছে প্রতিনিয়ত। আবাসিক হল, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে সাপ দেখতে পাওয়া সাধারণ ঘটনা হয়ে পড়েছে।

সাপের উপদ্রব বাড়ায় বেশি অনিরাপদ হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নিচ তলার কক্ষ ও বাথরুমগুলো।

হলে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। তাই সাপ নিধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রভোস্ট ড. মহিনুজ্জামান বলেন, সাপ আতঙ্ক থেকে রক্ষার্থে সারা রাত আমরা হল প্রভোস্টসহ সহকারী প্রভোস্টবৃন্দ আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে হলে থেকেছি। সকালে ফায়ার সার্ভিস টিম এনে হলে সাপ উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে কোনো সাপ পাওয়া যায়নি। হলের আশপাশে ভালোমতো পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রয়োজন মতো কার্বলিক অ্যাসিড ছিটানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত