মানিকগঞ্জের সাটুরিয়ায় পাউডার, পানি ও কেমিক্যাল দিয়ে দুধ তৈরির অভিযোগে আতাউর রহমান নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হরগজ বাজারে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনাকালে ওই ব্যবসায়ীকে এ দন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আতাউর রহমান হরগজ ইউনিয়নের বালুচড় এলাকার মৃত নোমাজ আলীর ছেলে।
ভোক্তা অধিকারের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পাউডার, পানি ও কেমিক্যাল দিয়ে নিজ বাড়িতেই বানানো হচ্ছে গরুর দুধ। রাতের অন্ধকারে কেমিক্যাল দিয়ে বানানো শত শত লিটার গরুর দুধ তৈরি করে এসব দুধ অর্ধপূর্ণ ড্রামে করে হরগজ বাজারে নিয়ে যাওয়া হয়। পরে এর সঙ্গে সমপরিমাণ খাঁটি দুধের মিশ্রণ করে ঢাকায় সরবরাহ করা হয়। এমন অভিযোগে অভিযানে নিজের প্রস্তুতকৃত ১৫০ লিটারের অধিক ভেজাল দুধসহ ব্যবসায়ী আতাউর রহমানকে আটক করে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। জব্দ করা দুধ তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে।
