পাবনা সদর উপজেলার ভাড়ারা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কুতুব বিশ্বাস (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আব্দুর রহমান (১২) নামে আরেক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ভাড়ারা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুতুব বিশ্বাস মহাদেবপুর গ্রামের সিফাত বিশ্বাসের ছেলে। সে পাবনার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত আব্দুর রহমান একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে। সে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কুতুব ও আব্দুর রহমান পাশের সেউলি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই কুতুবের মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রাতেই কুতুবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনার দিঘলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ৩