খুলনায় সন্ত্রাসীদের পিটুনিতে আহত লিওন শেখ নামে (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত লিওন শেখ নগরীর খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা টিবি হাসপাতাল রোডের মৃত আব্দুস সোবহান শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ২ আগস্ট দুপুর আড়াইটার দিকে লিওন শেখ নগরীর দৌলতপুর থানার সেনপাড়া আনসার সোলার মিল রোডের বৌবাজার কালভার্ট সংলগ্ন এলাকায় আসেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, লিওনকে আহত করার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছিল। এটি এখন হত্যা মামলায় রূপ নেবে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
