সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী তারিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি সারাদিন পুলিশ স্বীকার না করলেও সোমবার রাতে গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তার তারিকুল উপজেলার পার-শালনগর গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে এবং লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের ছোট ভাই।
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির ঘটনায় নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে সোমবার সন্ধ্যায় লোহাগড়া থানায় কাজী তারিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে তারিকুল ইসলাম তার ফেসবুক আইডি থেকে গত রবিবার (৭ আগস্ট) সকালে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন এবং তা শেয়ার করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী তারিকুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
