ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ফের গোলাবর্ষণ, জাতিসংঘের উদ্বেগ

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৯:২৯ এএম

ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের গোলাবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।বৃহস্পতিবারের ঘটনায় একের অপরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। খবর বিবিসির।

উভয়পক্ষ জানিয়েছে, ইউরোপের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের অফিস এবং ফায়ার স্টেশনে ১০ বার আঘাতের ঘটনা ঘটেছে।

পরিস্থিতি নিয়ে পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রসি সতর্ক করে বলেন, এটি একটি ‘গুরুতর সময়’। আর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে বিপর্যয়ের দিকে যেতে পারে।

এদিকে জাতিসংঘের বিশেষজ্ঞদের জরুরিভাবে প্ল্যান্টটি পরিদর্শনের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

এর আগে, প্ল্যান্টের সুরক্ষায় আশপাশে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সংঘর্ষকে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন অ্যাখা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র।

তবে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি বলেন, নিরস্ত্রীকরণ কোনও বিকল্প নয়, এতে উস্কানি এবং সন্ত্রাসী হামলায় পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের ঘটনায় এক বিবৃতিতে ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারহোয়াটম জানিয়েছে, রুশ হামলাকারীরা জাপোরিঝিয়া প্ল্যান্ট এবং পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি অঞ্চলে গোলাবর্ষণ করেছে। এতে বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। গোলাগুলির কারণে কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া অসম্ভব ছিল। ফলে ওভারটাইম করতে হয়েছে তাদের। তবে পরিস্থিতি ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে এনারহোয়াটম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত