শোক দিবস উপলক্ষে উত্তরায় ফ্রি মেডিকেল-ওষুধ পেল ২ হাজার মানুষ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২:১০ পিএম

রাজধানী উত্তরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরিফুর রহমান।

সোমবার দিনব্যাপী উত্তরা ১৩নং সেক্টর খেলার মাঠে বিনা মূল্যে প্রায় দুই হাজার নিম্ন আয়ের জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শরীফুর রহমান, মেডিস্কয়ারের এডভাইজার ডা.এ. এম.এম. আনিসুল আউয়াল (PHD) ও বায়োফার্মা লিমিটেডের রিজনাল সেলস ম্যানেজার মো. মাসুম বিল্লাহ্ উপস্থিত থেকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন।

এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষের লম্বা লাইন দেখা গেছে। 

শরিফ রহমান দেশ রূপান্তরকে জানান, জাতীয় শোক দিবস সারা দেশব্যাপী পালন হচ্ছে। আমরাও সেই শোককে শক্তিতে রূপান্তর করার জন্য ফ্রি ক্যাম্পের আয়োজন করি। মানুষ সুস্থ থাকলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা এই ৫১ নম্বর ওয়ার্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করি এবং শিন্নি বিতরণ করি। পাশাপাশি ফ্রি ক্যাম্পের আয়োজন করি। 

image

সেবা নিতে আসা অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সেবাগ্রহীতা মোহাম্মদ হাসান জানান, বর্তমান সময় বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। অনেকেই টাকার অভাবে হাসপাতালে ডাক্তারদের কাছে যেতে পারছে না। অনেকের সময়ের মিলে না। আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনটি সময়োপযোগী একটি আয়োজন। পাশাপাশি আমরা বিনামূল্যে ওষুধ নিতে পারছি। এখানে ভলান্টিয়ারদের পরিশ্রমের কারণে সুন্দরভাবে সেবা নেয়া যাচ্ছে। 

দ্বীন ইসলাম নামে আরেক ব্যক্তি বলেন, আমার বেশ কয়েক দিন ধরেই পেটে সমস্যা দিচ্ছে। ডাক্তারের কাছে যাব যাব বলে যাওয়া হচ্ছিল না। আজ ছুটির দিন। শুনতে পেলাম এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। তাই এখানে ডাক্তার দেখাতে চলে এসেছে। আর প্রত্যেকেই খুব সহযোগিতামূলক আচরণ করেছে। এই উদ্যোগকে স্বাগত জানাই।

ডা. আনিসুল আউয়াল জানান, আপনারা জানেন ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ দুই হাজার লোকের আয়োজন। আমাদের ফ্রি ক্যাম্প ২৫ জন ডাক্তার কাজ করছেন। এই ২৫ জনকে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি। এখানে নাক, চোখ, গলা, গ্যাস্ট্রিক আলসারসহ বিভিন্ন রোগের পরামর্শ এবং প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিচ্ছি। পুরো কাজটি ডিজিটাল মাধ্যমে হচ্ছে। অনেকেই এসেছেন যাদের রোগ আমরা নির্ণয় করতে পারেনি, শুধুমাত্র পরীক্ষার জন্য। তাদেরকে আমরা পরামর্শ প্রদান করেছি। 

এ ছাড়া বায়োফার্মা লিমিটেডের রিজনাল সেলস ম্যানেজার মো. মাসুম বিল্লাহ্ বলেন, প্রায় দুই হাজার লোককে আমরা ফ্রি ওষুধ বিতরণ করছি। ওষুধ পেয়ে অনেকেই খুশি হয়েছে। সাধারণ মানুষের মুখে ছোট্ট হাসি দেখতে পেয়ে আমরা খুব আনন্দিত। তাদের পাশে দাঁড়াতে পেরেছি এটাই আমাদের সার্থকতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত