কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।
মঙ্গলবার সকাল ৯টার দিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলসহ উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছায়।
সকালে মিশেল ব্যাচলেট জাতিসংঘের প্রতিনিধি দলসহ কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে এসে শরণার্থীদের রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ-দ্দৌজা নয়ন জানিয়েছেন, শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে মিশেল ব্যাচেলেট ইউএনএইচসিআর, ডব্লিউএফপি, আইওএম এর চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নারী, যুব প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এ ছাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বৃক্ষ রোপণ কার্যক্রম এবং এর স্বেচ্ছাসেবকদের সঙ্গেও কথা বলবেন।
দুপুরে কক্সবাজার শহরে ফিরে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াতসহ সরকারের শরণার্থী ব্যবস্থাপনায় নিয়োজিত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
এর আগে সোমবার সন্ধ্যায় হাইকমিশনার মিশেল ব্যাচলেট কক্সবাজারে আসেন।
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রথম কোনো প্রধান হিসেবে সফররত দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাবেক এই প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, চার দিনের সফরে রবিবার ঢাকায় এসে পৌঁছান ব্যাচেলেট, সেদিন রাতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি।
মঙ্গলবার কক্সবাজার সফর শেষে পরদিন বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে।
