টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে গড়িয়েছে মেয়েদের জাতীয় ক্রিকেট লিগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এই লিগ। উদ্বোধনী দিনের সকালটা নিজেদের করে নিয়েছে সিলেট ও রাজশাহী বিভাগ। চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে লিগে শুভ সূচনা করেছে সিলেট। সকালের অপর ম্যাচে সিলেট আউটার স্টেডিয়ামে ঢাকাকেও ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ।
সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের মুখোমুখি হয় স্বাগতিক সিলেট বিভাগ। টস জিতে স্বাগতিক দলের অধিনায়ক ফাহিমা চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠান। মন্থর গতিতে ব্যাট করতে থাকা চট্টগ্রাম হোচট খায় তৃতীয় ওভারে। ওভারের দ্বিতীয় বলেই প্রত্যাশাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে আউট করেন মারুফা। একই ওভারের চতুর্থ বলেই ইভা বোল্ড আউট হয়ে ফিরে যান।
.jpg)
তিনে নামা ফাল্গুনির সামনে তাই সুযোগ ছিল ম্যাচের মোড় ঘোরানোর। কিন্তু ব্যাক্তিগত ঝুলিতে মাত্র ১ রান যোগ করতেই তিনিও ফিরে যান মারুফার ওভারেই। এক ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ভালোই চাপে পড়ে চট্টগ্রাম। পরের ওভারের শেষ বলে নুজহাতের উইকেটও হারায় তারা। ফাহিমার বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি।
৫ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট হারিয়ে দিশেহারা চট্টগ্রাম। হাল ধরার চেষ্টা চালান নুসরাত ও তমালিকা। সেট হওয়ার চেষ্টায় ক্রিজে ছিলেন অনেক্ষণ। তবে শুধুই বল ডট দিয়েছেন রান তুলতে পারেননি দুজনের কেউই। টপ অর্ডারদের মতো তারা ও একই পথ অনুসরণ করেন। ফল স্বরুপ মাত্র ৪৪ রানেই অলআউট হয়ে যায় চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেছেন তমালিকা। ২৯ বল খেলে পেয়েছেন মাত্র একটি চারের মার। তার দলীয় বাউন্ডারির সংখ্যাও ঐ একটিই। আর কেউ যে দুই অংকের রানের ঘরেই যেতে পারেনি।
সিলেটের হয়ে দিপা ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করে হয়েছেন ম্যাচ সেরা। এছাড়া মারুফা আক্তার ও ইসমত জাহান অ্যানি নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন লাবনী ও ফাহিমা।
মাত্র ৪৫ রান তাড়া করতে নেমে সিলেটের ব্যাটিংটাও খুব সাবলীল ছিল না। রানের খাতা খোলার আগেই বিদায় নেন ওপেনার শামীমা। তবে তৃতীয় উইকেট জুটিতে ইশমা তানজিম ও দিপা জয়ের ভিত তৈরি করে ফেলেন। ইশমা ১৩ ও দিপা ১৭ রান করেন। দুজনের ব্যাট থেকেই আসে একটি করে বাউন্ডারি। কিন্তু কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। তাদের বিদায়ে ফাহিমা এবং নাসিমাও যেন দিশাহীন হয়ে যান। দ্রুতই ফিরে যান এ দুজনও। শেষ পর্যন্ত স্মৃতিকে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে ভিড়তে বেগ পেতে হয়নি অ্যানিকে।
চট্টগ্রামের হয়ে শোভনা ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া কুবরা ও স্বর্ণা নেন একটি করে উইকেট।
.jpg)
এদিকে সকালের অপর ম্যাচে সিলেট আউটার স্টেডিয়ামে ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী বিভাগ। টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান রাজশাহীর অধিনায়ক লিয়া মন্ডল। নির্ধারিত ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান করে রিতু মনির নেতৃত্বধীন ঢাকা। ফারজানা হক সর্বোচ্চ ৪৩ রান করেন। ৪১ বল খেলে ইনিংসে ছিল ৫টি চারের মার। অন্যদিকে ৩৫ বল খেলে ২টি চারে ২৪ রান করেন অধিনায়ক রিতু। রাজশাহীর হয়ে একমাত্র উইকেট শিকারি নাহিদা। প্রতিপক্ষ বাকি উইকেটগুলো ছিল রানআউট।
৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী। সর্বোচ্চ ২২ রান করে অপরাজিত ছিলেন নাহিদা আক্তার। ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে তিনিই হয়েছেন ম্যাচ সেরা। অপেনার ফারজানা করেন ১৩ রান। এছাড়া সানজিদা, আফিয়া ও ফেরদৌসি করেন ১১ রান করে। ঢাকার হয়ে রুপা তিনটি ও শানু দুটি করে উইকেট শিকার করেন।
.jpg)
