শার্শা সীমান্তে ১৭টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০১:৩৭ পিএম

যশোরের শার্শার রুদ্র সীমান্ত থেকে এক কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আটক মোনতাজ পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন খবরে জানতে পারি- শুক্রবার সকাল ১১টার দিকে শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশ্যে এক স্বর্ণ পাচারকারী সীমান্তের রুদ্রপুর এলাকায় পাকা রাস্তার ওপর অবস্থান করছে।

রুদ্রপুর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল সেখানে (পাকা রাস্তার উপর) অভিযান চালিয়ে এক স্বর্ণ পাচারকারীকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। 

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৯৮৫ গ্রাম। যার বাজার  মূল্য প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা।

এ নিয়ে খুলনা-২১ বিজিবি তার অধীনস্থ গত ছয় মাসে প্রায় ১০ কেজি সোনা আটক করেছে। এ সময় ৬ জন আসামিকে আটক করেন তারা। মোট আটককৃত সোনার সিজার মূল্য প্রায় ৭ কোটি ৬৩ লাখ টাকা।

স্বর্ণসহ আটক আসামিকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত