লাদাখ থেকে সালমানের 'কাভি ঈদ কাভি দিওয়ালি'র নতুন ছবি পোস্ট

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৫:৪৫ পিএম

সামনে লাদাখের ধু ধু প্রান্তর। পাশে বাইক, কাঁধ পর্যন্ত লম্বা চুল হাওয়ায় উড়ছে। সোশাল মিডিয়ায় ঠিক এরকমই এক ছবি পোস্ট করে চমক দিলেন সালমান খান। জানা গিয়েছে, কাভি ঈদ কাভি দিওয়ালির শুটিংয়ের সময় তোলা হয়েছে সালমানের এই ছবিটি।

কদিন আগে পেশি ফুলিয়ে ছবি পোস্ট করেছিলেন সালমান। সেই ছবি রীতিমতো ঝড় তুলেছিল সোশাল মিডিয়ায়। অনুরাগীদের কথায়, সেই ছবিকেও যেন টেক্কা দিল নতুন এই লুক।

লম্বা চুল, এইট প্যাকে আবির্ভূত হয়ে সম্প্রতি তাক লাগিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। 'পাঠান' ছবিতে তার লুক নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় ভক্তমহলে। আর এবার নতুন লুক প্রকাশ্যে এনে সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন বলিউড ভাইজান। লম্বা চুলে চমক দিলেন তিনি।

দাবাং খানের ছবির মুক্তি ছাড়াই কেটে গিয়েছে এবারের ঈদ। তবে অনুরাগীদের একেবারে নিরাশ করেননি সালমান। তার বহু আলুচিত ছবি 'কাভি ঈদ কাভি দিওয়ালি'র শুটিংয়ের ছবি দিয়ে সোজা শিরোনামে চলে এসেছিলেন তিনি। যেখানে সম্পূর্ণ অন্য লুকে ধরা দিলেন ভাইজান। সোশাল মিডিয়ায় নিজেই পোস্ট করেছেন তার নতুন চেহারার ছবি। যেখানে দেখা যাচ্ছে, কালো জ্যাকেট পরে সালমান হাতে ধরে রেখেছেন একটি রড। জ্যাকেটের স্লিভ থেকে উঁকি মারছে তার অতি পরিচিত ব্রেসলেটটি। চোখে সানগ্লাস। সম্পূর্ণ মুখমণ্ডল যদিও দেখা যাচ্ছে না। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো তার হেয়ার স্টাইল। লম্বা চুলে একেবারে অন্যরকম দেখাচ্ছে তাকে। আর এবার সেই ছবির শুটিংয়েই লাদাখ থেকে ছবি পোস্ট করলেন সালমান।

এর আগে ফার্স্ট লুক শেয়ার করে ক্যাপশনে সালমান লিখেছিলেন, 'আমার নতুন ছবির জন্য শুটিং শুরু।' 'অন্তিম' ছবির পর ফের আয়ুশ শর্মা ও সালমানকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে 'কাভি ঈদ কাভি দিওয়ালি'তে।

ফারহাদ সামজি পরিচালিত এই ছবিতে সালমানের ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন আয়ুশ। ছবি প্রসঙ্গে আয়ুশ বলেন, 'রোমান্টিক ছবির পরই অ্যাকশন ছবিতে কাজ করার সুযোগ হয়েছিল। এবার ফ্যামিলি ড্রামায় অভিনয় করব। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এভাবেই নিজের পরিধিটা প্রশস্ত করতে চাই।'

আয়ুশ ছাড়াও সালমান প্রযোজিত 'কাভি ঈদ কাভি দিওয়ালি' ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পূজা হেগড়ে ও ভেঙ্কটেশ। সালমানের এই ছবি থেকেই বলিউডে পা রাখবেন বিগবস খ্যাত শেহনাজ গিল। চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতেই হয়তো ফের সিনেমা হল কাঁপাতে আসবেন বলিউড সুপারস্টার। সূত্র : এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত