ভারতের মহারাষ্ট্র রাজ্যের আলোচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকী মুম্বাইয়ের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছে। বাবা সিদ্দিকীর সাথে বলিউডের অনেক তারকার ভালো সম্পর্ক ছিল।
তবে বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে বেশ হৃদ্যতা ছিল এই রাজনীতিবিদের। তাকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সালমান খান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বেশ কয়েক বছর ধরেই সন্ত্রাসী লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে । সালমানের বাড়িতেও হামলা চালিয়েছে তারা । এবার সালমানের বন্ধু বাবা সিদ্দিকীকে হত্যা করেছে এই গ্যাং টি।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার রাতে বন্ধু বাবা সিদ্দিকীর মৃত্যুর খবর পেয়েই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান সালমান। সেখান থেকে নিজের বাসায় গিয়ে সারারাত ঘুমাতে পারেননি তিনি। বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করে বারবার তাকে সান্ত্বনা দিচ্ছিলেন।
বাবা সিদ্দিকীকে শেষ শ্রদ্ধা জানাতে রোববার (১৩ অক্টোবর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তার বাড়িতে গিয়েছিলেন সালমান খান। বন্ধুর এমন মৃত্যুতে বিধ্বস্ত সালমানের চোখ অশ্রুভেজা।
লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং বাবা সিদ্দিকীকে হত্যার দায় স্বীকার করে সালমান খানের সাহায্যকারীদেরও হুমকি দিয়েছে । বাবা সিদ্দিকী হত্যার পর সালমানের বাসা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মুম্বাই পুলিশ।
