ছাত্রদল বলছে, একটি সার্বভৌম দেশের অবৈধ পররাষ্ট্রমন্ত্রীর দাসত্বের শর্তে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার ভারতীয় আশির্বাদ পাওয়ার তথ্য ফাঁসের ঘটনায় দেশজুড়ে যে প্রতিক্রিয়া-গণধিক্কার শুরু হয়েছে তা ধামাচাপা দিতেই আওয়ামী গুজব চক্রবাজরা ডিপফেইক টেকনোলজি ব্যবহার করে ছাত্রদল সভাপতির চরিত্র হননে লিপ্ত হয়েছে।
‘ডিপফেইক এডিট টেকনোলজি’ ব্যবহার করে তাদের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণের ভিডিও তৈরি করে তার চরিত্র হননের অপচেষ্টা করা হয়েছে, বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে শ্রাবণের অন্তরঙ্গ মুহুর্তের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন অভিযোগ করেছেন তিনি।
বিবৃতিতে নেতাকর্মীদের উদ্দেশে জুয়েল বলেন, এসব করে ছাত্রদলকে লক্ষ্য থেকে বিচ্যুত করা যাবে না; ছাত্রসমাজের আইকন শ্রাবণ রাজপথে পরিক্ষীত এবং প্রতিষ্ঠিত। তার বিরুদ্ধে আওয়ামী গুজব চক্রের কোনো অপচেষ্টাই সফল হবে না।
ছাত্রদলের জুয়েল বলেন, শ্রাবণের সঙ্গে চেহারার মিল রেখে অন্য কোনো একজনের শরীরে মুখাবয়ব প্রতিস্থাপনের মাধ্যমে ডিপফেইক এডিট টেকনোলজি ব্যবহার করে আওয়ামী কুচক্রী মহল একটি ভিডিও ভাইরাল করেছে। যা সম্পূর্ণ মিথ্যা-ভুয়া-জাল-জালিয়াত ছাড়া কিছু না।
সাইবার ক্রাইমের অন্যতম উপাদান বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা এ ধরনের ডিপফেইক টেকনোলজির অপপ্রয়োগের মাধ্যমে যে কারো চরিত্র হনন করা সম্ভব জানিয়ে জুয়েল বলেন, আওয়ামী লীগের দুর্নীতির মহোৎসবের ডামাডোলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, দেশের অর্থনীতির তলানি অবস্থাসহ সার্বিকভাবে দেশ ও দেশের জনগণকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে।
তার প্রতিবাদে যখন ছাত্রদলের নেতাকর্মীরা শ্রাবণ-জুয়েলের নেতৃত্বে দেশের ছাত্রসমাজকে সোচ্চার করার আন্দোলন বেগবান করছিল ঠিক সেই সময় ছাত্রজনতার গণআন্দোলনকে ব্যাহত করতে সাইবার ক্রাইমের মাধ্যমে চরিত্র হননের অপচেষ্টা চললো, বলে মনে করছেন তিনি।
