রায়পুরে ব্যবসায়ীর বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০২:৩৪ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে এক ব্যবসায়ীর বহুতল ভবনের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পান্না আক্তার মনি (২৫)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর বাস টার্মিনালের পাশে দক্ষিণ দেনায়েতপুর এলাকার ব্যবসায়ী নুরুল আমিনের বাসা থেকে রায়পুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত মনি রায়পুরের চরপাতা গ্রামের কাজি উদ্দিন হাওলাদার বাড়ির আবদুল হামিদের মেয়ে।

নুরুল আমিন বলেন, সাড়ে নয়টার দিকে পরিবারের সদস্যরা মনির লাশ তার কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানা-পুলিশকে খবর দেই। এটি আত্মহত্যা। মেয়েটি তার যশোর শহরের বাসিন্দা প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ছিল। সাত বছর সম্পর্কের পর বিয়ে না করার সিদ্ধান্ত হলে অভিমানে মনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ছাড়া কোনো সমস্যা ছিল না।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছি।

নিহতের ভাই রিপন হোসেন বাদী হয়ে সাধারণ ডায়েরি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত