বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জিনিসপত্রের দাম তখনই কমবে, যখন শেখ হাসিনা ক্ষমতা থেকে নামবে। তেলের দাম, পানির দাম ও গ্যাসের দাম কমবে। যখন শেখ হাসিনা যাবে দেশে গুম-হত্যা, মামলা-হামলা ও রাহাজানি বন্ধ হবে।
সুতরাং আজকে যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, ভোটার অধিকার কায়েম করতে হয়। তাহলে একটাই উপায়, দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশে সরকার প্রতিষ্ঠিত করতে হবে, বলেন তিনি।
শনিবার (২৭ আগস্ট) সকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির সমাবেশে শামা ওবায়েদ এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইভিএম বাংলাদেশের মাটিতে চলবে না। যদি ব্যালটে চুরি হয় তাহলে ইভিএমে ডাকাতি হয়। এই ডাকাতি ব্যবসা বাদ দিতে হবে, বন্ধ করতে হবে।
সমাবেশের আগে এক বিক্ষোভ মিছিল বের করে শান্তিপূর্ণভাবে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সদরের পেট্রোল পাম্প মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলালুদ্দিন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।
